প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে তিন যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যা নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন কাঠুরিয়া প্রথমে মরদেহগুলো দেখতে পান। পরে তারা স্থানীয় লোকজনকে জানালে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে আজাদীকে জানান, মরদেহগুলো পাহাড়ের ভেতরের একটি নির্জন স্থানে পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক ঘণ্টা আগেই ঘটেছে। মরদেহগুলোর শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতরা হলেন—স্থানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনই কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি তাদের সঙ্গে কারও পূর্ব বিরোধ ছিল কি না, বা অন্য কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ি নির্জন এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট